স্তব্ধতা Poem by Soumen Chattopadhyay

স্তব্ধতা

তপস্যার এই মাটিতে রেখেছি মাথা
শুষ্ক করতলে একদিন
এনে দিয়েছিলো প্রকৃতি
অবাধ্য বসন্তের ফুল

বিস্মৃতির স্তব্ধতাকে ভেঙে
ভোরের পাখিরা গেয়েছিলো গান

মানুষের অরণ্যে একটি প্রাণ
কৃষ্ণাতিথির রাত্রিতে
যে অমৃতধারা এনেছিলো এই মাটির স্বর্গতে
সে নির্জনতার অবচেতনের ভিতর খুঁজেছে
তার কাঙ্ক্ষিত চেতনা
যা দীপ্র শিখার মতো অন্ধকার আলো ক'রে

বলে; হে পাখি দুঃখের গান গেয়োনা এখন
একদিন দিগন্ত ভরেছে এই আকাশ তোমার গানে
স্মৃতির সমূহ স্তব্ধতাকে আবার জাগাও
মনেরেখো রক্তের বিষন্ন দাগ
একদিন মুছে যাবে

জন্ম ও মৃত্যুর মাঝে
আছে যে নিদ্রিত বিশীর্ণ জীবন
তাকে জাগাও নতুন করে
ঘুমন্তের শান্তির মতন

মানুষের বিষন্ন মাথার ভেতরে
হলুদ সন্ধ্যার বৃক্ষের মৃত পাতাগুলি
আগেও ঝরেছে অনেক, অনেকবার জন্মের পূর্ণতা পেয়ে

হে পাখি দুঃখের গান গেয়োনা এখন
সূর্যের আলোতে জেগে উঠবে আবার
এক মানবিক রক্তিম সকাল
সেই রৌদ্রজ্জ্বল দিনে
আমি হবো প্রস্ফুটিত ফুল

তপস্যার এই মাটিতে রেখেছি মাথা
মণেরেখো—
রক্তের বিষন্ন দাগ মুছে যাবে
একদিন এই অধিক মৌনতা
মুখরিত হবে তোমার গানের সুরে
কোনো এক চেতনার কৃষ্ণাতিথির রাত্রিতে

স্তব্ধতা
Wednesday, February 5, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success