কবির জন্ম- মৃত্যু
অবশেষে কবির মৃত্যু হল।
অনেক দিন যন্ত্রণা নিয়ে
বেঁচে থাকার পর,
নিতান্ত অবহেলায়
আগুনের মত লাল চক্ষুকে
উপেক্ষা করে
হেঁটে গেলেন কবি,
সেই আগুনের মধ্যে
এই গোধুলিতে।
মাছ বাজারের সামনে
একটা কাঁচের গাড়িতে
শায়িত ছিলেন কবি।
বাজারের কেউ কেউ
মাছ কাটতে কাটতে এসে
দু- একটা আঁশটে গন্ধমাখা
ফুল ছড়িয়ে দিয়ে
চলে গেল নিজের কাজে।
ঈশ্বর বললেন,
তুমি পৃথিবীকে আলো দেখালে,
তোমার সৃষ্টি নিয়ে
পৃথিবী রোমাঞ্চিত হল,
সুন্দর হল,
সেই সৌন্দর্য গড়িয়ে পড়ল
আকাশ থেকে পাহাড়ে,
পাহাড় থেকে নদী সমুদ্র জঙ্গলে,
সবুজ মাঠ, ধানক্ষেতে।
হাতের কলম নিয়ে
কবি ফিরে গেলেন ।
ঈশ্বর বললেন,
তোমার শ্রম
আমার চেয়েও বেশি।
এসো আমরা দুই মজদুর
মিশে যায় --
কারণ এ পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হবে
এই অসময়ে।
কবি বেঁচে উঠলেন আবার।
------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem