Bengali Poem ভাত Poem by Sanjib Saha

Bengali Poem ভাত

ভাত

কালুগুন্ডা হাত সাফাই শেখায়।
নাড়ু শেখে।
মাঝে মাঝে চূর্ণীর পারে
শ্মশানে মড়া ঠেলে নাড়ুগোপাল,
একটু খাবার দাবার জোটে।

ব্রীজের এপারে সিনেমা হলের সামনে
কলকাতা থেকে এসে দাঁড়ায়
দূরপাল্লার বাস।
নাড়ুগোপাল বাসে ওঠে,
জল আইসক্রিম এনে দেয় যাত্রীদের,
মাঝে মধ্যে হাত সাফাই করে,
কখনো মেয়ে ঢোকায় সিনেমা হলে।
সন্ধ্যেয় মায়ের জন্যে
চাল নিয়ে যায়
দশ বছরের ছেলেটা।

ঝুপড়িতে ফিরে সন্ধ্যায় দেখে
দরজা বন্ধ।
লোক ঢুকেছে ঘরে।
মাথায় খুন চড়ে যায় নাড়ুর।
কষে লাথি কষায় দরজায়।

'কোন হারামি, রেন্ডির বাচ্চা রে,
শালা, সুখ লুঠছি কি মাঙগনায়,
মেরে হাড় ঢুকিয়ে দেব পোঙায়।'
কালুগুন্ডার বাজখাই গলায়
হৃদকম্প ওঠে।

মাঝরাতে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে,
দাওয়ায় বসে মায়ের কোলে
মাথা রাখে নাড়ু।
মায়ের হাতের স্পর্শে
কালু গুন্ডার হাতের থাপ্পরের
চিহ্ন মুছে যায় গালে।
চূর্ণীর জলের ঢেউ এর মতোই
জোৎস্না খেলে যায় নাড়ুর বুকে।

হঠাৎ রাত্রি কাঁপিয়ে বোল ওঠে -
'বলহরি হরিবোল'!
নাড়ুগোপাল লাফিয়ে নামে উঠোনে।
চিৎকার করে ওঠে,
'মা চললাম, মড়া এসেছে শ্মশানে,
কাল ভাত জুটবে নিশ্চয়।'
--------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success