Bengali Poem ইমান আলীর বউ Poem by Sanjib Saha

Bengali Poem ইমান আলীর বউ

ইমান আলীর বউ

খাঁড়ি বেয়ে মাছ ধরতে যায়
ইমান আলী আর ওর বউ।
খুনশুটি চলে,
বছর কুড়ির ডাগর বউ
খিলখিল করে হাসে,
ওকে বাগে আনা কঠিন।

নাও থেকেই জাল ফেলে পানিতে।
সোদরবনে এদিকে ওদিকে
বনবিবির মূর্তি বসানো,
বুঝিয়ে দেয় বাঘে খেয়েছে মানুষ।

বড় মাছ জালে না উঠলে
ঝপাং করে ঝাঁপ দেয় স্রোতে
ইমান আলী।
কব্জির জোর থাকলে
মাছের সাধ্যি কি পারবে!

সেদিনও ঝপাং করে একটা শব্দ--
ইমানের ঠ্যা ্ ধরে কুমির
টেনে নামিয়েছে পানিতে।
বউ চেঁচিয়ে ওঠে, হায় আল্লা!

পানির রঙ লাল
শহিদ মিনারে দেখা
লাল পতাকার মত।

ইমান আলীর বউ
চিৎকার করে ওঠে --
খুদা কসম, কুমিরের
সাধ্যি নেই তোকে
আমার কাছ থেকে নেবে।
নৌকার লগি ঠেলে দেয়
কুমিরের হা করা মুখে।

ইমান আলীর দিন পাল্টেছে,
উঠতে পারে না, শুয়ে থাকে।
বউ আসে,
চোখের কোণ চিকচিকিয়ে
খিলখিলিয়ে হাসে,
খুনসুটি করে, বলে,
বুকে বল রাখ,
তোকে নেওয়ার ক্ষমতা
কারও নেই,
আমার ভালবাসা শুধু আমারই,
কারও অধিকার নেই সেখানে,
ঈশ্বরেরও না!

জাল তুলে নেয় কাঁধে
ইমান আলীর বউ,
পা বাড়ায় সোদরবনের
খাঁড়ির দিকে নৌকায়।
-------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success