Bengali Poem - জীবনচক্র Poem by Sanjib Saha

Bengali Poem - জীবনচক্র

জীবনচক্র

প্রত্যেকের জীবনে কিছু কিছু গল্প থাকে।

সেই গল্পগুলোর জন্ম হয়,
বাড়তে থাকে, জড়িয়ে ধরে,
নানা শাখা প্রশাখায় বিস্তৃত হয়,
বিভিন্ন আলোর দিকে ছুটে যায় ।
আলো মেখে গায়
কৈশোর পেরিয়ে যৌবন উজ্জ্বল হয়।
এক জীবনের স্বপ্ন নিয়ে
এগোতে থাকে,
একদিন সন্তানাদি হয়, বাড়তে থাকে।
মায়া-মমতা-স্নেহ-ভালবাসা
নদীর মত বইতে বইতে
ফল হয়ে ফুল হয়ে ঝুলতে থাকে গাছে ।

পৃথিবী হাত বাড়ায়,
পরিধি বাড়তে থাকে,
কেমন অচেনা লাগে পৃথিবী,
কত কথা ঘুম হয়ে
মাঠ পেরিয়ে যায় অন্ধকারে।
আলো হাওয়া হিংসা দ্বেষে
দুলতে দুলতে
ফুল ফল ঝরে যায় মাটিতে।
মাটি হাত বাড়ায়,
মিশে যায় সুখ দুঃখ মায়া।
ভালোবাসার বীজ ফুটে
বেরিয়ে আসে আর একটা জীবন--
সে কাঁদে হাসে গান গায়
যুদ্ধ করে।

আর একটা গল্পের জন্ম হয়।
________________
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success