Bengali Poem একা Poem by Sanjib Saha

Bengali Poem একা

একা

কোন কোন মানুষ
'ম্যাও ডাকলে হালুম শোনে'।

ঘরের নিভন্ত আলোটা দপ দপ করে।
কুপিটার তেল ফুরিয়েছে।
বাতাসে প্রাণ নেই।
অন্ধকার ঘর থেকে
বাইরে বেরিয়ে যেতে চায় যতটা,
তার চেয়েও অনেক বেশি
বাইরে থেকে ঘরের মধ্যে
ছটফট করে ঢুকে পড়ে।

একটা মানুষ
একা একা পথ চলে না,
পথ তাকে সঙ্গ দেয়।
পায়ের চিহ্ন রেখে যেতে যেতে,
সে ভাবে একদিন অন্ধকার ভেদ করে
সে যাবে দূরে আরো দূরে,
নক্ষত্রের মতো,
আরো বড় অন্ধকারে।

আসলে অন্ধকার কে
খুঁজে নিতে হয় না,
বুকের ভেতরে লাট খায়,
অনবরত।
আলো-কে খুঁজে নিতে হয়
দূরন্ত সাহসে।
যেমন বিন্দুকে খুঁজতে খুঁজতে
ব্রহ্মাণ্ড তৈরি হয়ে যায়,
আর সেই ব্রহ্মাণ্ডের মাঝে
ভেসে বেড়াই তুমি এবং আমি, একা!
------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success