Bengali Poem স্বাদ Poem by Sanjib Saha

Bengali Poem স্বাদ

স্বাদ

'কী গো সুজিত দা, দেব নাকি একটা? '
চা-মাসি জিজ্ঞেস করে।
'না না, এখন না। পরে এসো মাসি।'
ততক্ষণে জ্যান্ত কাতলাটার
দেহ থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে।
আঙুলের ফাঁক গলে গড়িয়ে পড়ছে
টকটকে লাল রক্ত ।

সুজিতের চকচকে বটিটার পাশে বসে
যে দশ বছরের ছেলেটা
মাছের আঁশ ছাড়াচ্ছে
জীবনের সব শক্তি দিয়ে,
সে হঠাৎই বলে ওঠে, 'আমি খাব।
আমার জন্য একটা রেখে যাও মাসি।'
চা-মাসি কাগজের ছোট কাপে
ধোঁয়া ওঠা এক কাপ গরম চা
ছেলেটার পাশে রেখে যায়।

ছেলেটা জিজ্ঞেস করে
' সুজিতদা তুমি চা খেলে না? '
সুজিত মুচকি হেসে বলে, ' তুই খা।
কাঁচা মাছের আঁশটে গন্ধে
আমি চা খেতে পারি না।'
ছেলেটা বলে, 'কিন্তু সুজিতদা
ওটাই তো চায়ের আসল স্বাদ।
কাঁচা মাছের আঁশটে গন্ধ
না মিশলে কি আর চায়ের
স্বাদ পাওয়া যায়! '

ছেলেটা জীবনের স্বাদ বুঝে গেছে ঠিক।
-----------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success