Bengali Poem 18 Poem by Sanjib Saha

Bengali Poem 18

আলো - অন্ধকার

সেদিন অকস্মাৎ ভিড় করল কতকিছু।
এই যেমন সমুদ্রের নীলে যখন তুমি
হারিয়ে যাচ্ছিলে, তখন এক গাংচিল
চিল চিৎকার করছিল। আর ডুবন্ত চোখে
তুমি পৃথিবী দেখতে দেখতে বলেছিলে
তোমার স্বপ্ন ঘিরে আমার কোনও প্রত্যাশা নাই।
একটা ক্রুদ্ধ শৃগাল বুকের তলে লুটোপুটি
খেতে খেতে বলেছিল, আমাকে প্রাণ দে!


আচ্ছা, অপরাহ্নে যখন সন্ধ্যা নামে তুমি কি
কখনও পৃথিবীকে টুসকি মেরে নিজের গহনে
চেপে ধরেছ? মাটিচাপা বুক হাতের তালুয়
এলোমেলোভাবে তুলে এনে বলেছ, পাপিষ্ঠ,
এই নে, তোর ভালবাসা । আমার অভ্যন্তরে
চকমকি ঠুকে আলো জ্বালবি বলে নিজেই
অন্ধকারে ডুবে গেলি অবিন্যস্ত সন্ধ্যায়!
- - - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success