অকিঞ্চিৎকর প্রেমের কাব্যকথা
এমন করে কাঁদলে আকাশ সকাল সকাল বৃষ্টি ঝরায়
লাল গোলাপি তোমার নাকে ইচ্ছে মতন নোলক পড়ায়
এমন করে কাঁদলে আকাশ বৃষ্টি নামে তোমার প্রাণে
চুপটি করে আমি বসি তোমার বুকের ঐ মধ্যিখানে।
এমন করে কাঁদলে আকাশ মনে পড়ে কোন সকালে
তোমার চোখের নয়নতারা আপনি নাচে এই বিকেলে
এখনও কি হাসতে পারো চমকে দিয়ে আলোর হাসি
নাকি সংসারের ঐ জোয়াল টানতে টানতে হলে বাসি।
আমি বাবা ভালোই আছি সঙ্গী করে দাঁতের ব্যথা
এক জীবনের পক্ক কেশ ছড়িয়ে দিয়ে সবটা মাথা
বালিশ ছেড়ে অন্ধকারে দাঁড়িয়ে ওড়াই গোপন কথা
অজস্র সুখ ছড়ানো ছিল কিশোর কালে এবং সেথা!
তুমিও আছো আমিও আছি তাকিয়ে দেখো বৃষ্টি পড়ে
সন্ধ্যাপ্রদীপ কাঁপতে কাঁপতে এই হাওয়াতে শুধুই নড়ে
লতা - পাতা শাড়ির রঙে উছলে ওঠা তোমার মুখ
এমন করে কাঁদলে আকাশ নড়ে ওঠে আমার বুক।
এক পৃথিবী অন্যরকম, অন্যরকম প্রেমের চ্ছটায়
একলা আকাশ কাঁদতে থাকে অন্ধকারে ভালোবাসায়।
এই অকালে এখনো দেখো বৃষ্টি পড়লে গলা সাধা
এই জনমে আমরা ছিলাম এক জীবনের কৃষ্ণ রাধা।
----------------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem