Prothom Brishti Poem by Malay Roychoudhury

Prothom Brishti

প্রথম বৃষ্টি
আষাঢ়ের সঙ্গে কচি জলকণার বিবাহে
পৃথিবীর হাঁ-মুখ থেকে আলপিন-পা সরিয়ে
ঘাসে-ঘাসে তাঁবু ফেলেছে ডেয়োঁ পিঁপড়ে
নস্যিরঙা ফ্রকশায়ায় চুলবুলে বহুভাষী শালিখ
মুখে পরাগমাখা মৌমাছির জেরায়্য জেরবার

চুলকুনি-পোশাক বুড়িরা তাসবিবির কেঠো হাসি কিনে
যজমানের ফেলে-যাওয়া জুতোর হিসেব চেয়েছে দেবতারা
অম্লবাষ্পে ধোঁয়াটে হামাগুড়ি দেবার সরকারি দপতরে
কাচের বয়ামে বিকলাঙ্গ ভূণেদের সে কী হাসি
মাটির জানালায়পেতে দিয়েছে বড়ি শুকোবার রোদ্দুর

জোয়ারে চেপে জিভ-জড়ানো মদ্যপ নদীর দল
সেঁদিয়েছে মেঠো ইঁদুরের দাঁত-করাত কাটা গর্তপথে
তরকারিতে কুচোনো সবুজ পৃথিবীকে নীলমাছির প্রণাম
কক্ষপথের বাইরে পারিবারিক নামহীন ঝিঁঝি মাখিয়েছে
ঘূর্ণিঝড়ের পাকে তৈরি মানুষকে খরগোশ-ঝলসানো আলো

বিদ্যুতে টোকা মেরে রাস্তা পালটানো স্হপতিরা
আত্মহত্যার চিরকুট খুঁজতে দরজা ভেঙে গ্রীষ্মের শৌখিন বৃষ্টি
মরা আগ্নেয়গিরিতে ‘ভালো থেকো' লেখা রুমাল
উড়িয়েছে বোঁটা-কুসুমের দুধসুগন্ধে সারেংগির দুঃখবাদক
স্বপ্নের দৃশ্যে-দৃশ্যান্তরে আসতে অপারগ শিশুকোমল আষাঢ়

Tuesday, April 14, 2020
Topic(s) of this poem: rains
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success