সকালে ঘুম থেকে উঠে
আমি এদিক ওদিক তাকাই।
না, দেখতে তো পাচ্ছি না!
অথচ পাওয়া তো উচিত ছিল।
ও বললো, কী খুঁজছ?
বললাম, খুঁজছি তো অনেক কিছু,
পাচ্ছি না কিছুই।
ও বললো, ভালো করে খোঁজো,
আনাচে কানাচে, আলো অন্ধকারে,
বড় বড় মানুষের অভ্যন্তরে,
দেখো, পেলেও পেতে পারো।
খুঁজছি, আমি শুধুই খুঁজছি--
বুকে হাত রাখার চেষ্টা করি।
হাতই খুঁজে পাই না,
স্পন্দন ধরবো কী করে,
হাতই নেই
মুষ্টিবদ্ধ হাত
উপরে উঠবে কী করে!
হৃদস্পন্দন না থাকলে
আমি জাগবো কী করে।
শিরদাঁড়া সোজা করতে চাই,
বুঝি সবটাই আনুভূমিক।
ও বললো, সে কি কথা,
তোমার কি মেরুদন্ড নেই!
আমি বলি, না না ছিল তো
জন্মের সময়।
তবে কি তোমার চোখ নেই,
তাই তুমি দেখতে পাচ্ছো না কিছুই,
আমি বলি, কিন্তু ছিল তো
জন্মের সময়।
ও বললো, ভয় পেয়ো না,
আনুভূমিক সরীসৃপের বুকেও
ভরা থাকে বিষথলি!
---------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem