সোনাগাছিতে বৃষ্টি
পাকানো সিঁড়ির শেষে, তিনতলার বাঁকে, বলল পিসতুতো দাদা
‘এই হল সোনাগাছি, শহরের রাণি, ভেবে দ্যাখ, মৌজমস্তিতে নষ্ট
কত-শত মহান পুরুষ-নারী জন্মাবার আগেই খাল্লাস,
ওই যে গুটকাঠোঁট মাসি, ওকে বললেই, যাকে চাই নিস,
এখন তো চুলখোলা মেয়েদের নধর দুপুর; সকলেই ফাঁকা,
হাফরেটে সুন্দরীতমাকে পেয়ে যাবি; কাজ আছে, আমি চললুম ।'
ঘরে নয়, বিছানায় নয়, চলো না কালবৈশাখিতে ভিজে
প্রেমিকার অভাব মেটাই, বলি কালো মেয়েটিকে ।
চুড়িদার শ্যামলিমা আর আমি কোমর জড়িয়ে
আহিরিটোলার ঘাটে ঝোড়োজল গঙ্গায় নামি-
ও হয় ফোলানো পালের নৌকো, চিৎসাঁতার দোল খায়
আমি হই লগিঠেলা ভাটিয়াল মাঝি ।
"আবার এসো কিন্তু, অ্যাঁ, প্রেমিকা ভেবেই চলে এসো
যেদিন পড়বে বৃষ্টি; ভেতরে তো ভিজছি না,
বাইরের ভেজবার রোগটুকু দিয়ে চলে যেও ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem