জেগে উঠি মহাবিশ্বের সুরে Poem by Soumen Chattopadhyay

জেগে উঠি মহাবিশ্বের সুরে

গ্রামের মাটিতে রুগ্ন বাঁশবনের গোধূলি আলো
দীর্ঘ জীবনের ফেলে আসা
আত্মীয়তা খোঁজে নীল পথের নিসর্গে

বহু জন্ম ধরে নিভৃতের গহ্বরে মিলিয়ে গেছি
এইভাবে সুষুপ্তির অন্ধকার ছুঁয়ে

অতিব্যক্তিগত মাতৃগর্ভের ভ্রূণের
নিতান্ত দুঃখের
আকাশে নিজেকে
বিচ্ছুরিত ক'রে
জেগে থাকি পৃথিবীর নীরব তরঙ্গে

আমাদের স্পর্শ করে এক
নীল জন্মমৃত্যু দুঃখ আর মহাবিশ্বের বেদনা

তারপর দূরাগত জন্মের গভীর
ধ্বনি অতীতের রক্তকণা
অনন্তে আকুল
সুরের যন্ত্রনা
নিবিড় আঁধারে মানুষকে অনুভব দিয়ে যায়
পৃথিবীর ধুলোমাখা স্রোতের সবুজ ঘেরা গ্রামে

অতিপরিচিত
রাখালিয়া বাঁশি বটবৃক্ষের ছায়ার
গভীরে, সন্ধ্যার অভিমানে বাঁশবনে
নিঃস্বের সংসারে বেজেছে আপন মনে

মধুর গ্রামের এমন প্রাচীন প্রাণে
স্নেহের নিশ্বাসে সহস্র দুঃখের রাতে
কির্তনীয়া আসে মৃত্যুর বিস্মৃত ইতিহাসের নিশ্চিহ্ন পথে

পৌষের রাত্রির সমূহ স্তব্ধতা ছেঁড়া
কাঁথার ভেতরে পড়ে থাকে...

নির্বাক সন্ধ্যার ঝুরিমূলে কুয়াশার
বাতাসে নিহিত রাখালের
করুণ বাঁশির অশ্রুদাগ
পশ্চিম দিগন্তে আজও বুকের পাড় ভাঙ্গে

গোধূলির শেষ রুগ্ন আলো নিভে গেলে
গ্রামের মাটিতে
রাখালিয়া বাঁশি ছেঁড়া কাঁথার ভেতর
প্রাণের নিঃসীম মর্মে মাতৃজঠরের
স্বাদ আনে পৃথিবীর নীরব তরঙ্গে

মুক্ত হয় দূরাগত মহাবিশ্বের ধ্বনির গর্ভে অনুভবের মহৎ
নিতান্ত দুঃখের আকাশের এই প্রাণে

সুষুপ্তির অন্ধকারে মহাবিশ্বের বেদনা ছুঁয়ে ফিরে ফিরে
এসেছি নিজের
হৃদয় গহ্বরে
জেনেছি, আলোর অমৃত পথের বিস্তৃতি ছড়িয়ে
রয়েছে আমার আদিম প্রদেশ আলোকিত করে

জেগে উঠি মহাবিশ্বের সুরে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success