এমনতো ছিলনা জীবন
পিতৃপুরুষের মাটি ছুঁয়ে
অস্তিত্বের উদ্ধত স্মারক এই আমি—
কেন এইভাবে বেঁচে আছি?
চিরকাল দেখেছি যমুনা প্রান্তে দিনান্তের সূর্য
আর দূর শূন্য মেঠো পথে মায়াবী ধুলোর খেলা
আজও পৌষের শান্ত রাতে পৃথিবীর যাবতীয়
স্থপতি জড়িয়ে ধরি জলের সারল্যে...
চারিধারে এতো বিষবাষ্প—
যন্ত্রণার মুহুর্মুহু প্রতিধ্বনি মাংস ভেদ করে
রক্তাক্ত আকাশ ঝরে পড়ে
নিরীহ রাতের ক্লান্ত মুখের উপর
মানুষের হাড়ের ভিতর
ডানা ভাঙা অন্ধ পাখিদের কান্নানদী
সন্ধ্যার করুন অন্ধকারে বেজে ওঠে
কোথাও বা গোধূলি নিথর প'ড়ে থাকে
অঘ্রানের ফসলের দেহে
এমনতো ছিলনা জীবন—
অনেক, অনেক ভালোবেসে
একদিন নিঃস্ব হয়েছি আমরা একে
অপরের কাছে
আদিম নক্ষত্র হতে আলোবীজ আমাদের ছুঁয়ে উড়ে যায়
আজও উদাসী অরণ্যে
যেদিকে জীবন প্রবাহ বয়ে চলে;
যেদিকে এখনো অমৃত রসের ধারা নিয়ে যায়
কোনো এক সুগভীর সত্যে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem