আমরা একাকী পথ হেঁটে
বিবর্ণ শূন্যের দিকে
ভেসে যাচ্ছি রোজ
শীতল হাতের স্পর্শ—
অন্তরঙ্গ মুহূর্তের কথা গুলি ভুলেছি কখন!
এইভাবে বহুকাল নিজেদের
ছায়ার ভিতর বেঁচে আছি...
বিষঘ্রাণ আর দগ্ধ উৎসবে মানুষ
নরকের গর্ভে বেঁচে থেকে
ক্রমাগত স্মৃতিহীন হয়
পড়ে রয় নির্জন গহ্বরে
অথচ এখানে একদিন অন্ধকার
নিজস্ব নদীর জলে ঝিকমিক করেছিল
যন্ত্রণার সকল সময় গভীর প্রার্থনা
পৃথিবীর পথে পথে
বিস্তৃত হয়েছে সেদিনও
আজো শিশুর ঘুমন্ত চোখ নিয়ে
দেখি ফুলের পাপড়ি
জড়িয়ে রয়েছে নিবিড় এসব দৃশ্য
আমাদের রক্তস্রোতে
আরো একবার শীতল হাতের স্পর্শ দাও
এই দুঃসময়ের স্বর ভেঙে
বিবর্ণ শূন্যের থেকে
জেগে উঠি আমরা আবার
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem