নিরাত্মীয় সৌমেন চট্টোপাধ্যায় Poem by Soumen Chattopadhyay

নিরাত্মীয় সৌমেন চট্টোপাধ্যায়

সূর্যাস্তের পর
সন্ন্যাসী নেমেছে রক্তাক্ত নদীর জলে
জোৎস্নার বিমূর্ত দেহমুখে শুনেছে সে—
আমাদের ছড়ানো অন্তিম বিষ
আমাদের নিরাত্মীয় করে

মহাবিশৃঙ্খলে সমূহ দুঃখের দিনে
অস্তিত্বের অন্ধকারে-নির্জন দহনে
যে ফুল ফুটেছে অস্তভূমির দিগন্তে
তা আজ স্মৃতির ভিতর তৃষ্ণার্ত রাত্রির শরীরে
ফসলের ঘ্রাণের মতন
ছড়িয়ে রয়েছে

নদী জলে ভাসে সন্ন্যাসীর মুখ জন্ম ও মৃত্যুর অভিঘাতে
কেঁপে ওঠে দূরের শুন্যতা—
শিকড়ের ছোঁয়া পেতে পাখির শরীর হতে বিচ্ছিন্ন পালক
সমাধি ফলকে লেখা গান
একাকী গাইছে বোবা আঁধারের বুকে

মরমী বাঁশির শব্দে ফাঁপা
হাড়ের ভিতর এক হিম ভৌতিক বাতাস কাঁদে

আমাদের ছড়ানো অন্তিম বিষে ঘনিয়েছে
পৃথিবীর সব ছায়াপথ
মহাবিশৃঙ্খলে—সূর্যাস্তের বিচ্ছেদ যন্ত্রণা নিয়ে

অসীমের দেহরেখা জুড়ে
অধিষ্ঠানভূমি পুড়ে গিয়ে
নিরাত্মীয় হয়েছি একাকী
সন্ন্যাসী অন্তরে

নিরাত্মীয়
সৌমেন চট্টোপাধ্যায়
Thursday, January 23, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success