হে পৃথিবী
তোমার উদার অন্ধকারে পোড়াও আমাকে
আমি হতে চাই সেই পূর্ণ বিকশিত বৃক্ষ
যেখানে নির্জনে প্রতিটি মানুষ
তার নিজস্ব কবিতা বলে যাবে
স্মৃতির ভিতর যাকিছু প্রাণের বিষাদ
পোড়াও তোমার আগুনে
দহনে দহনে পরিপূর্ণ কর
আমার জীবন
হে পৃথিবী
তুমি এসো সেই সৌন্দর্যে
যেখানে ডাহা ডহর প্রান্তর
বাতাসে নিজেকে মেলে দিয়ে
দিগন্তের আকাশের সাথে খেলা করে
তুমি কতবার শালিনী নদীর জলে
ডেকেছো কৌশিকী অমাবস্যার আঁধারে
দেখেছি হঠাৎ ঘুম ভাঙা
শিশুর বুকের স্পন্দনে
আদিম নাড়ির সংযোগে
রয়েছে জন্মের পিছুটান
আমি হতে চেয়েছি একটি
সদ্য ফোটা ফুল
অবাঞ্ছিত নির্বাসনের যন্ত্রণা,
সে ফুল ধরবে বুকে
সেই নীরব মুহূর্তে বুকের অতলে
স্বপ্ন বীজ একদিন বৃক্ষ হবে
সে ফুল স্নেহের সুরে
সমবেত মানুষের কাছে
বাঁচার আতীব্র বাসনা
সহাস্য ফসলের মতো
রোদ্দুরে ছড়িয়ে দেবে
হে পৃথিবী
তোমার উদার অন্ধকারে
আমাকে দগ্ধ করো
এ জীবন পূর্ণ করো
দহনে দহনে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem