হে আমার রাত্রি —
আত্মার সকল বিশ্বাসে তোমার
ভালোবাসা রয়েছে
অমৃত ফলের মতন
যা কিছু দেবার সব দিয়ে যাবো
মধ্যরাত চিরে তোমাতে বিলীন হবো
বিলাবো প্রেমের শেষ কণা...
তুমি, এই দুর্দিনে গ্রহণ করো আমাকে
তোমার মতো করে
অঞ্জলি তে রাখা আছে মানুষের অশ্রু
আর মরুভূমির নৈঃশব্দ ভরা সন্ধ্যার বাতাস
চেতনার যে যন্ত্রণা, তার অপরূপ রূপ
ভালোবেসে —
নতজানু হ'য়ে রয়ে গেলো
বেদনার নীল বিদীর্ণ ভূমিতে
আমার গর্ভের শব্দগুচ্ছ
একদিন —
আমি চলে যাবো যাবার নিয়মে...
স্মৃতির কণিকা—প্রদীপের শিখার
অস্থির শিহরণ পড়ে রইলো তোমার পদমূলে
অন্ধকার দ্বীপের স্তব্ধতা —
জেগে উঠবে ক্লান্তির শেষে কোনো একদিন
ফাল্গুনের মধ্য দুপুরের বসন্তের অনুরণনে—সেদিন
আমার গর্ভের শব্দ গুচ্ছের কথাটি ভেবো—
কিছু ওদের বলার ছিলো...
যে জল চোখের কোণে আজোও রয়েছে জমে
তাদের ঝরতে দিও...
হে আমার প্রাণের পৃথিবী
মনে রেখো —
যাবার বেলায়
প্রদীপের শিখার অস্থির শিহরণ
রেখে গেলাম তোমার পদমুলে...
হৃদয়ের অনেক বিশ্বাসে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem