কৃষ্ণ মৃত্যু Poem by Soumen Chattopadhyay

কৃষ্ণ মৃত্যু

কবির মাথার শিয়োরে
সে গান গাও তুমি
যা শুনেছি মিশরের সেই
অবিনশ্বর পাখির কণ্ঠে

ছাই হতে ফিনিক্সের
জন্মের গল্পটি আবার শোনাও মানুষকে
গান গেয়ে গেয়ে
কবি তাঁর মাথার কঙ্কালে রেখেছে তোমার সেই সুর

পৃথিবীর স্মৃতি পথে মাটির বাসনা রয়ে গেছে

তোমাদের কাঙ্খিত সকল আনন্দের কথা সেই
দেবদূতের মস্তিষ্ক রসে বারবার জারিত হয়েছে
মহাকালের অন্তরে

আদিম পৃথিবী ফিরে ফিরে আসে
বিকেলের রাঙা রোদ্দুরে সে মনে

নিবিড় রাত্রিতে এই সমুদ্র শ্মশানে
সেই ব্যাথিতের প্রাণ
দেবদূতের শরীরে নেমে আসে

দুর্দিনে মুক্তির আনন্দের অঢেল স্বাদেরা
দূর আকাশের নক্ষত্রের মতো
চেয়ে থাকে জীবনের ফুলে

হিমসিক্ত নিদ্রার দেশ কি
এমন ভাবেই জন্ম দিয়েছে
মাটির দুঃখিত দেবতাদের!

আমরা তো সকলে জেনেছি
পরমায়ু শেষে আকাশে ছড়ানো কৃষ্ণমৃত্যু
আকাঙ্খার অচেতন স্বাদ চিরকাল অপূর্ন রেখেছে

রুক্ষ ধূলোর উদ্দাম বাতাসে
স্থবির হৃদয় দুরন্ত কান্নার ভেতর
স্তব্ধ হয়ে নিজেকে খুঁজেছে

আমাদের আরক্ত অধর কে কাছে
অনেক ভালোবেসে টেনে নেবে

সুদূরের শূন্যে সমুদ্রের জলোচ্ছ্বাস
তৃষ্ণার্ত আত্মাকে আরো
উদভ্রান্ত করে এই দুঃসময়ে

রাঙা সন্ধ্যার আকাশে নিজেকে নিস্তব্ধ পাথরের মূর্তি মনে হয়

বিস্ময়ে চোখের মনি কেঁপে ওঠে বিষাক্ত হওয়ায়

তুমি এসো, সেই গান শোনাও বটের শাখে

শূন্যগর্ভেরবৃথাই এ জীবন মানুষকে মানুষের থেকে
দূরে ঠেলে দেয়

দূর বসন্তের বাতাসে দেশজ ফুলের গোধূলি গন্ধ
ছেয়ে আছে আমাদের মনে

কেঁদোনা এমন করে প্রেত ছায়ার ভীষণ ফাঁপা মাঠে

তুমি ফিনিক্সের সেই গল্প গেয়ে যাও কবিয়ালের মতন
এই জীবনের অবিচ্ছিন্ন প্রান্তরে পা রেখে

রাত্রির সুদীর্ঘ নিথর দেহের বুকে জমে থাকা অন্ধকারে
তোমার গানের সেই দরাজ কণ্ঠের স্বর
মুছে দিয়ে যাক ভেতরে ও বাইরের সকল আঁধার

তুমি এসো অকস্মাৎ; তীব্র তৃষ্ণা জেগে আছে
আলো ভরা মাটির মায়াবী বুকে


পৃথিবীর সমূহ ফুলের স্নায়ু কোষে
গান গেয়ে গেয়ে গিঁথে দিয়ে যাও
চূড়ান্ত প্রেমের তীব্র স্বর

গুমোট স্তব্ধতা ভেঙে জেগে উঠবো আমরা
কঠিন হাড়ের স্তূপের উপর
নিশ্চিত শান্তির প্রতীক্ষার অরণ্য প্রান্তরে

কোনো এক ভোরের আলোতে
নিস্তব্ধ ছায়ার মূর্তিরা জাগবে হৃদয় গহ্বরে

হাহাকারের ক্লান্তিরা চিরকাল বেদনার নিগূঢ় মুহূর্তে
নিজেকে নির্মম করে দিন পার করে

শুন্যতার বুকে জন্ম ও মৃত্যুর
আসা ও যাওয়া দিন ও রাত্রির
খেলার মতন স্বাভাবিক মনে হয়

তুমি গান গাও কবির শিয়রে
ধূলোগন্ধরেনু মাখা ঘ্রাণের
বাতাসে কেঁপে উঠুক মরমী সুর হাড়ের মর্মর দেশে

কৃষ্ণ মৃত্যু
Tuesday, March 17, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success