কাঙ্খিত দ্বীপ Poem by Soumen Chattopadhyay

কাঙ্খিত দ্বীপ

নীলাভ শূন্যের দেশে
আশ্চর্য স্তব্ধতা ঘিরেছে
জন্মান্ধ পাখিদের সন্ধ্যার নীরব বাসা

আজন্ম ঘুমিয়ে আছে এই গ্রাম...

এখানে নৈঃশব্দ্য শব্দের সকাল
অতিক্রম করে ছুটে চলে নদীর উজানে

সুদূরের অরণ্যে পতঙ্গদের মিহি কলতান
করুন শোনিত বিদ্ধ করে

নির্জন ভাষার দৃশ্যে এই জীবন
কখনো ক্লান্ত হয় নাই

রৌদ্রের সোনালী ঢেউ ভোরে দিয়ে গেছে
প্রাকৃত আকাশে ধ্রুপদী রাত্রির দূর নক্ষত্রের আলো


স্ফুরিত যৌবন সাগরের দেহজলে স্নান সেরে নিজেকে খুঁজেছে
জ্যোৎস্নার রুপালি আলোর নদীর সেই পারে;

তারপর -
আরো এক নক্ষত্র দেশের কথা ভেবেছি আমরা
যেখানের শুভ্র অশ্রু বাষ্পে এখনো
প্রেমের উষ্ণ অনুভবে হৃদয়ে জীবন জাগে

এই বিদ্যুৎ জীবন পাহাড় বিদীর্ন করে
সুতীব্র নোনতা যোনিজলের বৃষ্টিতে সিক্ত হবে

মর্মতলে বাসনার সেই চিত্রে
নিজেকে বিলীন করে
নিয়ে নেবো প্রাকৃতিক স্পর্শঘ্রান

আজন্ম শূন্যতা জুড়ে
তুমি ঘুমিয়ে রয়েছো
জেগে ওঠো -
আদিম খেলার সমস্ত সামগ্রী
আমাদের কাছে আছে
এই বসন্ত বাতাসে খেলো আমার প্রাণের সাথে
জন্মান্ধ পাখিরা এখানে নৈঃশব্দ্য ভেঙে
উচ্ছ্বাসে উষ্ণতা বিনিময়ে ঘনিষ্ট হয়েছে হিমরাতে

ইন্দ্রিয় বিহীন পাতারা
চৈত্রের হৃদয় বাতাসে উড়ে যায়

আজন্ম ঘুমিয়ে থেকোনা
এবার জেগে ওঠো সত্ত্বার গভীরে
মুছে যাবে সকল কালির দাগ
ধু ধু শূন্য মাঠে

জীবনের শেষটুকু নিয়ে চলে যাবো আমরা
অনেক দূরের দেশের দ্বীপে
যেখানে অপেক্ষা নেই
অপেক্ষার সুতীব্র প্রতীক্ষা নেই
প্রতীক্ষার প্রতিশ্রুতি নেই
শুধু নির্বাক মানুষ একেঅপরকে ভালোবেসে
চলে যাবে দিন শেষে

জীবনকে ভালোবেসে
আমাদের আত্মজেরা জেগে থাকবে
সচ্ছল বেদনার প্রগাঢ় অন্তরে

একদিন সন্ধ্যার আকাশ টেনে নেবে
অবসন্নের সকল অবসাদ

তোমার সমূহ গ্রাম উঠে আসবে
আমার কাঙ্খিত দ্বীপের প্রাণে

কাঙ্খিত দ্বীপ
Friday, March 27, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success