দিনান্তে পায়ের ছাপ রেখে গেলাম যাবার পথে
স্মৃতির ভেতর রাত্রির নিথর দেহে
দেখেছি মেঘের দল খেলা করে
শোকের উদার অন্ধকারে চেতনার মুকুল
স্ফুরিত হয়েছিলো একদিন
অসংখ্য অতীত মুহূর্তেরা
সূর্যাস্তের সুগভীর দেশে
মাতৃ জঠরের অনুভবে
নিজেদের পূর্ণ করে
ফসলের সহাস্য ক্ষেতের সোনালী আভায়
মানুষের ক্লান্ত হৃদয় উত্তাপ খোঁজে
প্রিয়তম নারীর সান্নিধ্যে
ভাষাহীন মুখরতা সেইসব রাত্রির কঙ্কালে
নিজস্ব ছায়ার অস্তিত্বের কণ্ঠস্বর শোনে
পৃথিবীর আদি অরণ্যে বাতাস ফিরে ফিরে এসে
জীবনের স্বপ্নবীজ বুনে উজ্জ্বল উৎসবে
দিনান্তে পায়ের ছাপ রেখে গেলাম যাবার পথে
তুমি এসো সেই পথে—
যেখানে মেঘের দল প্রান্তরের
আকাশের সাথে কথা বলে
চেতনার প্রতিধ্বনি নীরব বাতাসে ভাসে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem