নক্ষত্র আলোর দিন পোড়ে
পোড়ে মনপাখি পোড়ে প্রার্থনাসঙ্গীত
পুড়েছে সময়
যমুনার জলে
ইতিহাস পোড়ে
তারপর শব্দ স্মৃতিবীজের ধূসর রসে বেহুলা ভেসেছে
অতীতের গর্ভ হতে সহজাত গোধূলি আলোর
করুণ কান্নার ধ্বনি ভেসেছে বিষাদি গাঙ্গুড়ের জল জুড়ে
বুকের অতলে অবিরল
পুড়ে গেছে হৃদয়ের মেধাবী স্থাপত্য
নষ্ট হয়ে গেছে কবেকার
শান্ত অনুভব
দিনান্তে নিভৃততম স্বপ্নমেঘের ছায়াতে গাঙ্গুড়ের জলে
একাকী দুঃখিনী
জেলেডিঙি ভাসে
দুঃসময়ে রক্তগন্ধে এঁকেছি ভাষার
প্রচ্ছদে প্রতীক্ষা আর ভ্রূণবৃক্ষের আহত পাতা
জ্যোৎস্নার নির্মাণে
প্রান্তিক সন্ধ্যাকে নিয়েছি অস্ফুটে অনাহত পদ্মে
স্মৃতিবিস্মৃতির
পাহাড়ী ঝর্নার মেঘে অভিমানীর পুরানো ক্ষীণ
পান্ডুলিপি সন্ধ্যারাতে নিঃশব্দে ছড়িয়ে
দিয়েছি বিমুর্ত
কুয়াশার অবসন্ন প্রগাঢ় অশ্রুর নীলদেশে
আজ উড়ে উড়ে
প্রত্নছাই খোঁজে শিলালিপির সভ্যতা
করোটি কঙ্কালে জীর্ণ চিহ্নের সুদীর্ঘ
ইতিহাস ভেঙে
ধূসর গোধূলি
বেলার অনন্ত প্রতিভার দ্বীপ গড়ে
সুতীক্ষ্ণ জীবন
আমাদের প্রতিধ্বনি জন্মের প্রার্থিত
শিকড়ে, প্রাচীন বটের ঝুরির দেশে ঘর বোনে
পৃথিবীর অরুণাভ নক্ষত্র মাটির বেদনার
কুটিরে আবার হৃদয়ের মেধাবী স্থাপত্য জাগে
ইতিহাস ভাসে
যমুনার জলে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem