দুঃখের মাঝে পূর্ণতা জন্মায় Poem by Soumen Chattopadhyay

দুঃখের মাঝে পূর্ণতা জন্মায়

অঘ্রানের শেষ সূর্য
নেমে এলো ধানক্ষেতে
শান্তির নিথর দেহ
সকল দুঃখিত আলপথ
হৃদয়ে নিহিত থেকে বহু ঘনিষ্ট মায়াবী
ব্যর্থতার সাথে নির্জনে
মাটির দেহ স্পর্শ করে

এইভাবে দৃপ্ত একাকীত্ব
পাহাড়ী দেশের অনুভবে মিশে গিয়ে
নিজস্ব রাত্রির মরমী কুয়াশা ঘিরে
জীবনের অজস্র গোপন ইচ্ছার শরীরে
ক্লান্তিতে নিজেকে সমর্পণ করে

শিকড়ে সত্ত্বায় এইভাবে
নেমে আসা ব্যক্তিগত অন্ধকার
দৃশ্যের অতীত শূন্যতার গভীরে
নিদ্রিত পুনর্জন্ম ছুঁয়ে
বহু অনুচেতনার জন্ম দেয়

আর পৃথিবীর প্রাকৃত আঙ্গিকে
রাত্রির তরঙ্গ অনিবার্য
প্রাণের ধ্বনিতে সুর বোনে

আকাশ বিদীর্ণ করে
অন্ধ উচ্চারণ- ধুলো ও শুকনো পাতা
নিঃসঙ্গ জ্বলেছে বহু জন্ম ধরে

মানুষের দগ্ধ দুহাত
গোধূলি দিগন্তে মিলিয়ে যায়;
যেখানে নিজের অশ্রুপাতের
ক্ষয়িষ্ণু প্রত্নঅরণ্যে দুঃখের মাঝে
পূর্ণতা জন্মায় অনেক ক্ষয়ের পর

POET'S NOTES ABOUT THE POEM
Life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success