অজস্র হলুদ নদী গাঢ়
অন্ধকারে নেমে আসে বুকের গভীরে;
হিমশান্ত জলে
রাতের বিষাদ
গেঁয়ো হৃদয়ের
ঘুমন্ত দুঃখের
বিস্তার বিশীর্ণ ছায়া ফেলে
একদিন দীপ্ত সূর্য ঘিরেছিল অনন্ত প্রহর
দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে সুফলা
মাটির অমৃত দেহে দেখেছি রূপসী
পৃথিবীর অরুণাভ দৃপ্ত প্রতিশ্রুতির প্রবাহে ভেসেছে জীবন
নতুন আলোর দিব্যতা কপাল ছুঁয়ে
সেদিন গর্ভের
অপরূপ দৃশ্য গিঁথে দিয়ে
সৃষ্টির মহৎ জন্ম কথা বলেছিল রাত্রিভোর
নিহিত সভ্যতা নদীবুকের অন্তরে
নষ্ট হ'য়ে ভাঙে আজ শরীরী স্তব্ধতা
উৎসের প্রাচীন অস্তিত্বের
বিপরীতে হেঁটে
আমি কেঁপে উঠি,
বিদায় বেলার সূর্যে দেখি সৃষ্টির নিহত নীল দেহ পড়ে আছে আঁধারের ক্লান্ত বুকে
প্রত্নউষ্ণতার
সমূহ মুহূর্তগুলি ভালোবেসে জ্বলে
উঠবো এবার
নৈঃশব্দের পর
অনন্ত রোদ্দুরেবেজে উঠবো আমরা
জন্মের একান্ত বাতাসে দূরহ ঝঞ্ঝার তীব্রতা সাথে করে
শিরা উপশিরা নিয়ে বিপ্লবের বীজ খেলা করে
বিবর্ণ রক্তের প্রাণে বুনে দিয়ে যাবো
নীলাভ বোধের জন্মবীজ ভালোবাসার বিশ্বাস
হাড়ের ভিতর দূরন্ত পশ্চিমী ছায়াপথের
বিদগ্ধ
অন্ধকারে এক
জ্বলন্ত আগুনে
জন্মেছিল বোধ
নির্জনে তৃষ্ণার্ত
শিকড়ে বাকোড়ে
ছড়াবো প্রাকৃত
চেতনার মুগ্ধ
অমোঘ রোদ্দুর
ক্ষুধার্ত সকল হলুদ নদীর জলে
ব্যাথিত অস্তিত্ব আমাদের
আত্মজের হাতে
দেবে মহাপৃথিবীর সফল জ্ঞানের আত্মীয়তা
ও তার চুড়ান্ত অভিজ্ঞান
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem