গৃহস্থের পোড়া রূপ Poem by Soumen Chattopadhyay

গৃহস্থের পোড়া রূপ

স্বপ্নের ভেতর কারা যেন কেঁদে গেলো
কুয়াশার অন্ধকারে হিমশূন্যে ধ্বনিত শব্দের
সেই ছিন্নভিন্ন মিছিলের শরীরে তুমিও ছিলে

যতদূরে যাই
এই লালমাটি পলাশের মাঠ ছেড়ে
প্রাণটুকু পড়ে থাকে পাথুরে মাটির এই দেহে

হে আমার দুঃখ তুমি একদণ্ড বোধের ভেতর
জেগে থেকে আর কত কষ্ট দেবে বলো!

বেদনার কুচিকুচি পরাগ ফুটিয়ে ভালোবাসা ফুল এসেছিলো
বহু অনুভবে
মানুষের হৃদয়ের ক্ষীণশান্ত কঠিন শরীরে

এখানে এখন
বাঁশপাতা ঝরে সবুজ ঘাসের ঝোঁপে
এঁকেবেঁকে উড়ে যায় আমার গ্রামের
ঘুমন্ত শৈশব
হা-ভাতের ঘরে
জীর্ণ চাষমাঠ পড়ে থাকে রুগ্ন পুকুরেরপাড়ে
পাখিদের শুষ্ক আত্মপ্রতিকৃতি ওড়ে
বিবর্ণ রক্তের আকাশের দেশে যেন
আদি বিশ্ব স্থির হয়ে আছে

গৃহস্থের পোড়া রূপে দেখেছি তোমাকে
হে দুঃখ আমার, সেইখানে তুমি ছাড়া
এই দগ্ধ অন্ধকারে মুখোমুখি বসিবার
কেউ নেই আর

গৃহস্থের পোড়া রূপ
POET'S NOTES ABOUT THE POEM
Life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success