কমরেড স্বপ্নে এক থালা ভাত দেখি Poem by Soumen Chattopadhyay

কমরেড স্বপ্নে এক থালা ভাত দেখি

নাড়ির ভেতর শঙ্খিনী আলোর নক্ষত্রেরা আসে
সারারাত স্বপ্নে বহুদূর
গিয়েছি বিশ্বাসে
যেইখানে কিছু ভাত আছে
ভোররাতে ততকাছে ফিরেছি আবার

খোলা মাঠ বুকে
রাখালের পদচিহ্ন একাকী শুকনো পড়ে আছে
করতলে আছে কিছু অশ্রু
করুণ গোপনে

করুণার ফুলশিশু রাত্রির নিথর দেহে অঝোরে আমার বুকে ঝরে

নীরবে নিবিড় অন্ধকার ভেঙে দেহ
ছুঁলো মুখহারা পৃথিবীর
গোধূলির শেষ শান্ত আলো

একাকী শুকনো রাখালের পদচিহ্ন
শৈশবের মাঠে শুয়ে আছে

আজো কুঞ্জবনে
জ্যোৎস্না এসে তাকে ছুঁয়ে যায়

যত দুঃখ আছে-
করতলে যত অশ্রু রয়েছে গোপনে
দেখি নদীতটে
তার বিম্ব ভাসে

হাভাতের ঘরে
শৈশবের করুণার শিশুফুল গুলি
অকালে মিলিয়ে গেলো রাষ্ট্রের একটি
অযোগ্য রাজার
বিষাক্ত ছোবলে

শঙ্খিনী নক্ষত্র আলো নাড়ির ভেতর খেলা করে
স্পন্দনে স্পন্দনে
জেগেছে বিপ্লব

দেখি ভোর রাতে
এক থালা ভাত
আমার মুখের
কাছে বসে আছে

কমরেড স্বপ্নে এক থালা ভাত দেখি
POET'S NOTES ABOUT THE POEM
Revolution
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success