বিষাদের দহন Poem by Soumen Chattopadhyay

বিষাদের দহন

শীতের সন্ধ্যার রূপে তুমি নেমে এলে
আমার খড়ের ঘরে মাটির আঘ্রাণে

গোধূলি জন্মের
আদি নাভিগন্ধ বেদনার কণ্ঠস্বরে
দূরের দিগন্ত হতে ডাকে

তোমার মেধাবী
স্পর্শের দুহাত মনে হলো অন্তিমে নিহিত আছে

উজ্জ্বল রোদ্দুরে নিষাদী বাঁশির সুরে
নোনাজল জন্মবীজ জাগে

পৃথিবীতে মাধুকরী শেষ হলে গভীরে জ্যোৎস্নার
ধুলোটে একাকী শতাব্দীর রক্তমাংসে
তোমাকে খুঁজেছি

নাভিপদ্মে যৌণ সোহাগের রাত্রিগান মনেপড়ে
যোনির গভীরে অপরাজিতার মুকুল পোড়েনি
প্রাচীন চিতায়
সেই স্মৃতি রক্তঋতুসুর
আজো রয়ে গেছে শ্মশানের
মেঘলা বাগানে
সেখানের হিম
কুমারী নদীটি
পাথরের বুকে শব্দ করে বয়ে যায়
বিগত জন্মের
রাখালের ডাকে

প্রাচীন প্রেমিক স্তনবৃন্তে জন্মের ছায়াটি খোঁজে
ছায়ামেঘে জন্মবীজ আতীব্র সঙ্গমে
নিজস্ব মায়ের জন্ম দেয়—বিষাদের
দহন তখন
শেষ হয়ে আসে আমার খড়ের ঘরে
জন্মবীজ আর নাভিগন্ধে
রাত্রির আলোর
ফুল খেলা করে

বিষাদের দহন
POET'S NOTES ABOUT THE POEM
Life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success