একাকী ভেসে যায় মৃত্যু Poem by Soumen Chattopadhyay

একাকী ভেসে যায় মৃত্যু

সূর্যপোড়া আলো
নিঃস্ব করে গেলো
অন্ধকারে ঘোর

বহু কৃষ্ণাচতুর্দশী কাঁপে
রাতনদীজলে
সুপ্রাচীন অস্থিছাইস্তূপে

এভাবে পাখির মতো প্রাণে
হিম অন্ধ যাযাবর রয়ে গেল ঘনিষ্ট নির্ভুল শিহরণে
চির নিরুত্তর

যে জীবন স্ববিস্ময়ে দেখেছিল মাটির উপর
শূন্য থেকে মহাশূন্যের প্রকীর্ণ হৃদয় একাকী,
বিচ্ছিন্ন করুন মফস্বল হতে, আজ
তার ব্রহ্মরন্ধ্র শতধারে
নিঃশেষে ছড়ালো জ্ঞানদগ্ধ জ্যোতিষ্মতি রোদটুকু
মহাপৃথিবীর বুকে- বিজুরির দেশে

চিতার হলুদ দাগে পোড়োবাড়ি চিহ্ন পড়ে আছে
তারই মাঝে শূন্যচারী শ্মশান চণ্ডাল ক্ষমা আর
দুঃখের গভীরে অন্তর্বাসে রাখা মদটুকু গিলে
প্রপিতামহের ডাক শোনে
নিঃশব্দ বালুরচরে

অনন্তের ঘোর অন্ধকারে
অন্ধ যাযাবর রয়ে যায়
চির নিরুত্তর করোটির
একাকী ধূসর মৃত্যুছায়ার অন্তরে

কৃষ্ণাচতুর্দশী কাঁপে রাতনদীজলে
সুপ্রাচীন অস্থিছাইস্তূপে
একাকী নরম মৃত্যু ভাসে
মানুষের দেশে

একাকী ভেসে যায় মৃত্যু
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success