ভালোবাসো একবার Poem by Soumen Chattopadhyay

ভালোবাসো একবার

আমাকে আদিম অন্ধকারে ফেরাও এবার
আন্তরিক প্রয়োজনে ভালোবাসো একবার
বড় অবেলায় ফুটেছি কার্নিশে
শহরের কালোঘরে নির্বাসিত আছি

আমার ক্ষুধার্ত আত্মা
আমার রহস্যময় ক্ষয় দেখে
আমার চেতনা মিশে যায় রাত্রির তরঙ্গে
পৃথিবীর ভাঙা গান আমার ভিতরে বয়ে যায়―

আমি টের পাই রোজ―
হাড়ের ভিতর রাজপথে
বিষাদের ছায়া লেগে আছে

ভালোবেসে স্পর্শ দাও
অরণ্যে ছড়িয়ে দাও গেঁথে যাব মাটির মজ্জায়
নির্বাসিত আছি
কার্নিশে ফুটেছি

পাখি হয়ে উড়ে যাব রাত্রির তরঙ্গে
যদি ভালোবাসো একবার―
পোয়াতি ধানের শীষ হয়ে ঝুঁকে থাকবো বিনম্র

চলে যাবো নিঃস্ব করে দু'হাত, মৃত্যুর দেশে
তার আগে হাতে হাত দু'টি ধরো
আন্তরিক প্রয়োজনে ভালোবাসো

একবার...

ভালোবাসো একবার
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success