তোমাকে এখন খুঁজে পাই না আকাশে অন্ধকারে
গ্রহের বিষণ্ণ ছায়া
কেড়েছে প্রাচীন অন্ধকার ও আকাশ
কোথায় কিভাবে স্তব্ধ হয় ভাষা
সমগ্র আকাশ কেঁদে ওঠে
তোমাকে পাই না খুঁজে আর আমার একাকী রাতে
অস্থিরতা অস্থিরতা শুধু অস্থিরতা
সৃষ্টির ভিতর এই নীহারিকাময়
শরীরের রক্তে এত অস্থিরতা...
তোমাকে পাই না খুঁজে আর আমার একাকী রাতে
পুড়ে গেছে আমাদের রক্তে নির্বাসিত অনেক মুকুল
দিগন্তে ফুটতে চেয়ে এরা ছিল আমার শরীরে
আহা! অসহায় কণাগুলি
স্বাদ রেখে মরে গেছে
এখন আমার সাথে
তাদের কঙ্কাল খেলা করে মাঝরাতে
নক্ষত্রের শূন্যতায়
কঙ্কালের ইতিহাস নেই তবুও সে আরও কিছুকাল
চেনা শব্দে-গন্ধে-দাগে
রয়ে যেতে চায়রয়ে যেতে চায়
এখানে গোপন কান্না সংক্রামিত হয় না জেনেও
সে আমার কাছে এসে বসে
পৃথিবীর মাটি ছুঁয়ে কাঁদে
তারপর আমার গাঁয়ের পথ ধরে
প্রসারিত হয় বহুদূর দেশে
আমি ভুলে যাই কি যেন বলার ছিল তাকে
হয়তো আমাকে সঙ্গে নেওয়ার কথা
আমার একাকী রাতে সেও তো উঠবে কেঁদে
দূর নক্ষত্রের শূন্যতায়
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem