অহল্যা বাতাস কেঁদে যায় Poem by Soumen Chattopadhyay

অহল্যা বাতাস কেঁদে যায়

আকাশ গঙ্গার গভীর নক্ষত্র চোখ
এই মৃতবৎসা পাহাড়ি গ্রামের নদী
মৃত্যুর নরম শব দুর হতে দেখে

নিরীহ বিরান অন্ধকারে মৃত্যুগান
অবিরল ভাসে ডানাভাঙা পাখিদেহে

শেষস্মৃতি অতিব্যক্তিগত গুহামুখে
জন্মঘ্রাণ বিষাদের স্তুপে স্থির হলে
শৈশবের ছড়ানো রোদ্দুরে যেতে চেয়ে
হাত পাতে শোকের নীলাভ ক্ষতচিত্রে

পরবর্তী জীবনের গল্প লিখে যাই
আঁকতে না পারা আদিপালকের দৃশ্যে

অভিমানী মরুনদী বক্ষের অতলে
সারাদিন কেঁদে যায় অহল্যা বাতাসে

আমিতো ভেসেছি গোপন জ্যোতির জলে
রোদের জঠরে তবু শূন্যতা এসেছে
দহনের গর্ভে তাড়িতের দুঃখ ওড়ে
শোকার্ত পাতার মতো ষড়ঋতু জুড়ে
বেদনা পাথর শুয়ে থাকে তারই তলে
নশ্বর সংসার বিস্তারে সন্ন্যাসী কাঁদে
আমার রক্তের ছায়াবাসিতৃষ্ণা জ্বলে

অহল্যা বাতাস কেঁদে যায়
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success