কবিতার শব্দকনা Poem by Soumen Chattopadhyay

কবিতার শব্দকনা

অন্তিম জীবাশ্ম পড়ে আছে
রয়ে গেছে সেই জন্মদাগ
অনিবার্য ক্ষয়
দেখি শুধু মৃত্যুর উল্লাস
বিবর্ণ স্রোতের
অনন্ত পশ্চিমে মিশিয়েছে আমাদের
দূরের নদীর শরীরে নূপুর বাজে
সেই সুর শুনি এই দ্বীপভূমে শুয়ে

কত হিমযুগ বৃষ্টিরাতে
নাভিকুন্ড ছেয়েছে আকাশ
ক্ষতচিহ্ন রক্তবিন্দু জল
শব্দ ভেঙে ভেঙে
আতীব্র কল্লোল জাগিয়েছে

প্রস্তর বুকের দুখী গর্ভজাল ছিঁড়ে
তুমিও হয়তো চেয়েছিলে
ভিন্নমুখ উষ্ণ জলস্রোতে মিশে যেতে

খুলির গোপন দাহপত্রে
তবে কি শুধুই
মৃতস্মৃতিজলের অতল বক্ষে দ্বাদশীর ক্ষীণ চাঁদ ভাসে

জানিনা নির্জনে কার নীলকরতল মধ্যরাত নষ্ট করে
আর বিষাদের ছায়া ছুঁয়ে থাকে কথা ও কাহিনী

আজন্ম চোখের জলে নিজস্ব পাঁজরে
গূঢ় কতকথা প্রিয়মুখ
সূর্যাস্তের গন্ধ আমার ডানার বিস্তারে শৃঙ্গারচিহ্ন আঁকে
আমি সারাদিন চেনা কথামুখ খুঁজি

অবশেষে অন্ধকারে কবিতার ছোট্ট শস্যকণা
ভাঙা নদীপাড়ে অন্তিম জীবাশ্ম হতে উঠে আসে

কবিতার শব্দকনা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success