মৃত্যুগানে ভরেছে এ দেশ
পথে পথে ক্ষয় বুলেট ও বিস্ফোরণ
দুখী কুয়াশার বুক চিরে
ডাকে হাহাকার
সন্তের এ মাটি জলে জননীর মৃতদেহ ভাসে
এমন লুম্পেন
রাজার দেশের জননী হবার কথা
ছিলনা তোমার
মরু শূন্যতার বিজ্ঞাপনে বিকিয়েছে
মানুষের প্রকৃত ঈশারা—
একটি মহৎ দিনের চিকন সন্ধ্যা
আরোগ্যের শস্যক্ষেত- দহন কালের
পোয়াতি কঙ্কাল খুঁজেছিল বিশ্বস্ত হাতের অনিঃশেষ ছায়া
নিভন্ত মানুষ
কবিতার দেশে অক্ষর জন্মের কথা ভুলেছে, ভুলেছে
মেঘের নূপুর
নিজস্ব জ্যোৎস্নার ভাতে দেখেছে ডাকিনী ঘামরক্ত
গ্রাম শহরের শান্তখোলে পুড়েছে— পর্নালি রাত
হরিণীর মাংসে কাকজ্যোৎস্নার মৈথুন
গোঁসাই বাগান
থেকে থেকে রক্তের নিনাদ
ঝড় হয়ে ওঠে
আমার অভিজ্ঞ মাটির গাভীন দেশে
নিষাদ যোনির রক্তের প্রথম স্বাদে
যারা নিয়ে এসেছিল মনখারাপের নষ্ট দিন
তাদের কফিনে
চিতায় প্রস্রাব করি আমি
সেইসব নির্জীব মানুষ
তাদের অক্ষম বীর্যপাতে
শূন্যধ্বংসজল দিয়ে গেলো আজ রাতে
এমন লুম্পেন
রাজার দেশের সন্তান বিষাদ ভ্রূণে
গাঢ়তম বিষবিস্তারে বিস্তৃত হয় কিভাবে জন্মের রঙে
থেকে থেকে রক্তের নিনাদ মৃত্যুগান
ঝড় হয়ে ওঠে
আমার অভিজ্ঞ মাটির গাভীন দেশে
রাষ্ট্রের নির্লিপ্ত ক্রীতদাস
গণ হস্তমৈথুনে মৈথুনজ্বালা—ভাঙ্গা সংসারে সম্পন্ন করে
শোকার্ত স্মৃতির ঘোরে
সেইসব রাত্রিচরদের নেতানো লিঙ্গের দেশে
মৃত জ্যোৎস্না ডাকব না আমি
হেমন্তর যুবতীর সাথে বুনবো স্বপ্নের বীজ
কঙ্কাল আড়ালে যাপিত জীবন ছায়ামুখ খোঁজে
সমুদ্র শব্দেরা ঘাসবনে
চন্দন শুশ্রুষা চেয়েছিল গভীর ক্ষতের দেশে
হে আমার অন্ধকারের জননী লুম্পেন রাজার
দেশের সন্তান হবার কথা তো ছিলনা আমার
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem