পিতা সনে যদি কহি
কিছু সত্য কথা,
অগ্নিশর্মা পিতা কন
এত বড় কথা!
পরদিন পিতা যদি
কহেন সে কথা,
মনোযোগ দিয়া শুন(হ)
ইহা বাস্তবতা।
নাগরিক যদি কহে
নয় ঠিকঠাক,
মন্ত্রী কহেন - উঁহুঁ উঁহুঁ
যুক্তিজালে ফাঁক।
কালোটাকা অনায়াসে
হয়ে যায় সাদা,
যুক্তিযুক্ত মিথ্যাকথা
সত্য যেন দাদা।
শিক্ষা মানে যুক্তিগুলি
রপ্ত করে নেয়া,
কাগজে - কলমে তাহা
যত্নে লিখে দেয়া।
জোর যার মুলুক তার
সত্য সব যুগে,
এই সত্য না শিখিলে
মরো ব্যাটা ভুগে।
বুদ্ধি - বাহু - অবস্থানে
রাজযোগ হয়,
ক্ষমতাসীনেরা সব
সত্য কথা কয়।
বাবু বিবি উচ্চ কণ্ঠে
কহেন যে কথা,
তাহা সব ধ্রুব সত্য
তর্ক করা বৃথা।
যাহা দেখো বেঠিক সব
বুদ্ধু - তুমি ভোঁতা,
যাহা বলে শুন(হ) তাহা
জোটে বেকার ভাতা।
মিথ্যা কথা ছাপা হলে
চরম সত্য হয়,
উঁহুঁ উঁহুঁ - কহিব না
লাগে বড় ভয়।
কথা পরে কথা গেঁথে
তৈরি হয় গল্প,
বক্তৃতায় সত্য থাকে,
বড় অল্পস্বল্প।
হংসবৎ সত্যটুকু
খুঁটে খুঁজে নিও,
মিথ্যাসব ভুষি যত
পথে ফেলে দিও।
নিন্দামন্দে দিন গেল
খুঁজিলে না সত্য,
অভাব তব নিত্য সঙ্গী
মিলিল না বিত্ত।
মোর কথা শুন(হ) ভাই
কাজে লেগে যাও,
সত্য মাঝে বড় বড়
মিথ্যা গুঁজে দাও।
বাক্য গুণে মিথ্যা কথা
মনে হবে সত্য,
মিথ্যাবাদী আর নহে
এ সমাজে ব্রাত্য।
চরম সত্য নহে কিছু
সব আপেক্ষিক,
মিথ্যা কথা উচ্চ কণ্ঠে
কহেন নির্ভীক।
নির্ভীক হও বাবা
হও যুদ্ধে স্থির,
চিত্ত হোক ভয় শূন্য
উচ্চ হোক শির।
মান্যগণ্য হও বাবা
সত্য কথা বলে,
আজিকালি যে - ই সত্য
দেশে দেশে চলে।
এত বলি সমাপন
সত্যের এ ছড়া,
কারা যেন গালি দেয়
মিথ্যাবাদী মড়া।
বাহুবল বুদ্ধিবল
সত্যবলে বলী,
প্রণাম প্রণাম বাবা
আপাতত চলি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem