রোজ সকালে নতুন কথা
বলতে ইচ্ছে করে।
বলা হয় না।
আমি তো আর সূর্য চন্দ্র নই -
অনন্তকাল বারে বারে একই ওঠা -
তবু তারা নতুন যেন,
সকাল থেকে সোনা ঝরে,
দুপুর আসে নিঝুম হয়ে,
রাত্রি সে যে চোখের পরে
ও কে - যার ছায়া পড়ে!
এমন সব অনেক কথা ভাবি,
কবিতা নয়, আমার মন,
তালা দেওয়া, তাকে খোলার চাবি।
একই কথা বারে বারে মনে পড়ে।
কেন আমি এমন হলাম -
কোথায় থেকে এলো আমার
এসব বোধ।
ভাবতে থাকি।
মনের ভেতর প্রজাপতি
আরো কত লাভ ক্ষতি
একে দুয়ে মিলে কখন
তিনের থেকে বেশি হবে,
তারই হিসেব সারাদিনই
চলে।
চলতে চলতে হারিয়ে গিয়ে
খুঁজি -
এই তোমাকেই খুঁজি,
তারপর মনের ভেতর
যা যা হয় লিখে ফেলে
একটু বাঁচি।
লোকে ভাবে বাঁচার জন্য
এসব লাগে বুঝি!
আমি যে অন্যরকম -
অন্য কিছু খোঁজার আশায়
এসব করি।
পড়বে না।
এসব পড়ে লাভ হয় না।
যেচে কেন ক্ষতির কপাল
বেছে নেবে বলো,
তোমার যেমন ইচ্ছে করে,
তেমন ভাবে চলো।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem