রাজকীয় তাজ Poem by Dipankar Sadhukhan

রাজকীয় তাজ

রক্তের সাগরে ভাসে শতাব্দীর লাজ,
ক্রন্দনের রোল তোলে এই ক্ষুব্ধ ধরা।
যুদ্ধের সাফল্যে আসে রাজকীয় তাজ,
বিজয়ীর উল্লাসেই বিশ্ব আজ মরা!

মুকুটের রত্ন সে তো নয়নের জল,
সিংহাসন গড়ে ওঠে লাশের পাহাড়ে।
দম্ভভরা ক্ষমতার এ কেমন ফল?
ইতিহাস মুছে যায় হেলায় আহা রে!

বিজয়ী বীরের চোখে অন্ধকার ঘোর,
পরাজিত ঘরে ঘরে বোবা হাহাকার।
রক্তাক্ত এই প্রাঙ্গণে নামে কালো ভোর,
বিবেকের মৃত্যুতেই শূন্য অধিকার!

মহাকাল বুকে রাখে ক্ষমতার ত্রাস,
তাজের আড়ালে কাঁদে জয়ের উচ্ছ্বাস!

© দীপঙ্কর সাধুখাঁ
২৯শে সেপ্টেম্বর, ২০২৬।

Tuesday, September 29, 2026
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success