নির্বাণ Poem by Dipankar Sadhukhan

নির্বাণ

স্তব্ধ হলো চিত্ত-নদী, বাসনা তো ক্ষয়,
শূন্যতার মহাসিন্ধু মহিমা ছড়ায়;
মিথ্যে মায়া-রাত্রি শেষে অবিদ্যা বিলয়,
জ্যোতির্ময় মুক্ত আলো তিমির তাড়ায়।

ভবসিন্ধু-মাঝখানে মোহের বন্ধন,
তৃষ্ণার প্রলয়-ঝড়ে দীর্ণ এ আলোক;
চিত্ত আজ শান্ত করে সমস্ত ক্রন্দন,
সহজ-আবেশে দূরে যায় সব শোক।

ইড়া আর পিঙ্গলার ভেঙে গেল ধার,
অবধূতী-পথ বেয়ে নামে মহাসুখ;
ছিঁড়লো নিয়তি-ডোর, কর্ম-কারাগার,
মুক্ত আত্মা দেখে আজ পরম সে মুখ।

মহাশূন্যে সত্য আজ পেয়েছে প্রকাশ,
মুক্ত আত্মা ছুঁয়ে যায় অদ্বয়-আকাশ।

© দীপঙ্কর সাধুখাঁ
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬।

* চর্যাপদ পাঠে অনুপ্রাণিত হয়ে রচিত।

This is a translation of the poem The Ultimate Peace by Dipankar Sadhukhan
Friday, September 4, 2026
COMMENTS OF THE POEM
Close
Error Success