একার ওপারে Poem by Sunandan Sikdar

একার ওপারে

আকাশ আজ আশ্চর্য নীল ।
আর রাজার সমন নিয়ে রোদ্দুর
খোলা রেখেছে তার তীব্র চোখ,
তবু দেখতে পাচ্ছ না পথিক, আপন পাড়ার লোক?
কেউ করছে নমস্কার, আজ সবাই ছেড়ে দিচ্ছে পথ,
বরফ তোমার অহঙ্কার ।
যে বাউল গানে তৈরী হয়েছে এই রাস্তা,
কেনইবা বা শুনতে পাবে আজ তা!
বাতাসের বিষণ্ণ বর্ণমালা?
এত আয়োজন, এত প্রয়োজন
সবই মিলিয়ে যায়, শেষ হলে যাত্রাপালা ।
সারাটা জীবন অনেক সাজিয়েছ বাগান,
ফুলের আর দরকার নেই এখন । বাইরের সাজ গায়ে আজ লেগে ।
গঙ্গার ধারে - উষ্ণ, আরো উষ্ণ হবার অপেক্ষায়,
রোমাঞ্চিত কাঠগুলি জেগে;
একে অপরের পাশে এখন নিয়তির মত স্হির ।
আজ অভিসার একটু বিশেষ হতে দাও ।
একটু একার হতে দাও ।
একার ওপারেও যে তোমার যাবার আছে ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success