বিষাদ
অন্ধ, তার অন্ধকার
পাখির মতো দেখে
কোথাও কেউ লুকিয়ে আছে যেন
জলের নীচে ডুবুরি যার
মুক্তো খুঁজে পায়
অথচ জল শুকিয়ে যায় চোখে
জীবন থেকে দূরত্বের
সীমানা ছুয়ে ফেললে
স্পর্শ শুধু ভরসা, আর
কিছুই নেই আজও
বন্ধ দম, মাছের মত সাঁতরে উঠে যাচ্ছ
না ফেরা
এখন জ্বর, বাইরে ঝোড়ো হাওয়া
হয়ত তুমি কিছুই ভাবছ না
পিঠের নিচ খামচে ধরে আছে
বুকের উপর পাথর বাঁধা কষ্ট
তোমার মুখে বিদ্যুতের ব্লেড
আমি তেমন কিছুই শুনছি না
ফাঁকা বোতল শব্দ করে ভাঙে
হয়ত তারও অনেক কথা আছে
হয়ত তারও ধোঁয়ায় ঘেরা ঘর
দরজা তার বাইরে থেকে বন্ধ
ওপর-নিচ দু'দিক দিয়ে রাস্তা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem