কেন ডাকব? তোমাকে হে অন্তহীন? Poem by SRIRANJI ARATISANKAR

কেন ডাকব? তোমাকে হে অন্তহীন?

দিনের বেলায় আমাকে ডেকেছ আলো
রাতের বেলা ডেকেছ তমসা বলে,
ঝড়ের মেঘে কী নামে ডাকবে বলো?
কী নামে ডাকবে শ্রাবণের ধারাজলে?
স্রোতের মুখে ভাসিয়ে দিয়েছ আমায়,
বাতাসে লিখেছ ভাসান-বর্ণমালা,
পাঠ করব কী! পুলকে মূর্চ্ছা যাই,
মূর্চ্ছার রঙে তোমার সুগন্ধ ঢালা...

আমাকে ভেঙেছ সামাজিক রীতি মেনে,
পাথর-জন্মে আঘাতের তলে তলে
সাহস কী দেখাও দুর্বলতা জেনে ?
কী খোঁজ বলো না ভেঙে ফেলবার ছলে?
আমাকে দেখালে তোমার কত কী আছে
পরিখায় ঘেরা সে রতন-ভাণ্ডার...
ওপারে ঝুঁকেছে যে শাখা তেমন গাছে,
সকালে চড়েছি ছায়া নামে সন্ধ্যার ।

আলো মুছে গেল ওপারে জ্বলছে মায়া,
কী হয় না হয় সে বোধ লুপ্ত হয়, -
এ পারে যে ছায়া ও পারেও সেই ছায়া,
ঝাঁপিয়ে পড়েছি বাঁচবার কথা নয়
পরিখা গভীর পরিখা, নামছি নীচে,
পালকে লাগছে বাতাসের অনুরাগ
তমস্বিনী-ধারা বর্ষণে যাই ভিজে
মন্ত্র শোনালে লাগ ভেল্কি লাগ...।

পতনে কী সুখ বুঝেছি, পতন শীল;
গায়ে কাঁটা দিল, প্রথম মরণ বলে
যন্ত্রনা এখানে সুরভিত ঘন নীল...
দুটি পা পাথর রক্তপ ওঠে জ্বলে
তোমার কী নাম বলে না গাছের শাখা;
শুধু ঝিকিমিকি সহাস্য সারাদিন...
জেনেছি এখন কী কী নামে যায় ডাকা
কেন ডাকব? তোমাকে হে অন্তহীন?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success