মেয়ে, আমি কবি না হতে পারি, কিন্তু কবিরাজ
মন-খারাপ-সারানো দাওয়াই বাতলে দেব আজ ।
আকাশ যেখানে নীচু হয়েছে ছায়া ছায়া নীলবন;
পাহাড় থেকে নেমেছে ঝরনা, সে ধারায় রাখো মন...
ঝরনা পারে বান্ধবী-গাছ, ফুলে ফুলে আছে ছেয়ে;
ওদের সামনে একটিবার দাঁড়াও তুমি মেয়ে ।
তোমার কপাল ছুঁয়ে দেবে, সফুল শ্যামল শাখা...
তাকিয়ে দেখো পথটি দূরে চলেছে আঁকা-বাঁকা ।
যদি পথিক হতে পারো, সাথী রোদ্দুর আর ছায়া
তোমার পায়ে জড়াবে সজল শ্রাবণ মেঘের মায়া ।
পথের শেষে পাতার কুটির, কুটিরে আছে কেউ?
তখন খুশিতে মন নীল সাগর, ঢেউয়ের পর ঢেউ...
কুটির কোথায়? এ তো ডিঙি! কে ধরেছে দাঁড়?
সে! সেই তো! হাসিতে যার ফুটে ওঠে মন্দার ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem