চালবাজ হাওয়া আমাকে নিয়ে কৌতুক করছে ।
হারামী ব্যাটা ছন্দের রগড় দেখাচ্ছে ।
দরজায় ঝুলে থাকা পর্দাটাকে একেবারে সরিয়ে দিচ্ছে না
ধুসস শালা কুচক্রী চুলও সুযোগ বুঝে শয়তানী করতে শুরু করেছে
গিদ্ধড়ের ইয়ে.... কুঁকড়োনো চুল,
নেকু নেকু ভেকুয়া কবিরা যাকে বলে চূর্ণ কুন্তলদাম
ঢেকে দিয়েছে তার আলো-পড়া গালের বাম দিক
আয়নার সামনে যে দাঁড়িয়ে
কম্বু-গ্রীবায় একটা বাদামী রঙের তিল
এইটুকু শুধু রঙিন বিজুরী-শলাকার মতো চোখে আমার বিঁধেছে
মরে যাচ্ছি নাকি?
না এখনো মরিনি...
ঘিলুতে ছাতা পড়েছে
আমি এখন অন্ধ ।
না ঠিক অন্ধ না
ফাঁদে পড়া ঘুঘু
একেবারে কুপোকাত
যে দিকে তাকাই, সবাই সর্ষে ফুল দেখে
আমি দেখি বাদামী রঙের তিলফুল
রাশি রাশি তিলফুল
তিল ফুলের বলয়ে ঘু্রছে মৃত্যু-সুখী নক্ষত্রপুঞ্জ
মরে যাচ্ছে জন্মাচ্ছে মরে যাচ্ছে জন্মাচ্ছে......।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem