কী ঘন নীল লতাগুল্ম রুপোর নদী আঁকাবাঁকা,
বাবু আমি আবু হোসেন মস্ত ধনী কোঁচড় ফাঁকা;
বাদশাহ যে আছেন, আছে দরবারটি জমজমাট
তারাচক্র গড়িয়ে যায় ধুলোয় ঢাকা জগৎ-মাঠ ।
যে ক'টা দিন থাকি, থাকুক আকাশ জুড়ে ইন্দীবর
নীলকান্ত চলেন, চলি রাহী আমি বন্দী কর ।
গড়িয়ে জল নামল, নামি রহস্যময় রুপো ধারায়
অসামান্য এ দৃশ্যটিতে ছায়া-পথিক ফিরে দাঁড়ায় ।
বাদশাহও মজেন, মজা দেখতে আসেন তটরেখায়;
হুঁ হুঁ আমি সে বান্দা কী বাদশাহকে সাঁতার শেখাই!
সবই ওনার জানা, জানেন এমন কী ঐ সরস্বতী
শখে শেখার শখ, শেখাই আমার কী আর সে দুর্মতি!
যখন আমি মরছি, মরে কাঙাল যেমন অণ্ণকূটে
জাঁহাপনাই সবার আগে মরণ দেখতে এলেন ছুটে;
জাঁহাপনা ছুটেন, ছুটি আমিও মহামৃত্যু কাঁধে
বাবু আমি আবু হোসেন ধারাজ্ঞানের অপরাধে ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem