গর্ভের আদিম গানে Poem by Soumen Chattopadhyay

গর্ভের আদিম গানে

দুকুলে ব্যথিত
ক্ষয় রেখে বয়ে যায় নদী
এইভাবে ভেঙ্গে ছিঁড়ে যাই বৃষ্টির অস্পষ্ট রাতে
জন্মের উজ্জ্বল
মাটির বেদনা অন্ধকারে
শূন্যতার পাড় ভেঙ্গে বারবার
নিঃশব্দে মিলিয়ে গেছে উৎসস্রোত

জন্মের স্মৃতির মাঠে শিকড়ের ঘুমন্ত শরীর
গর্ভস্থ শিশুর
মতো জেগে থেকে
প্রাণের অনেক
পরাজয় ঢেকে
বহু আকাঙ্ক্ষার বীজ বোনে

ব্যাকুল বসন্তে
শাল পলাশের
প্রান্তরে প্রাচীন
ব্যথা উড়ে যায়
পৃথিবীর অপার্থিব পথে
বিমূর্ত আঁধারে

স্নায়ুর বন্ধনে
দিগন্তে নিহিত
আমার অতীত
বিশ্ব সময়ের নির্জনতা স্পর্শ ক'রে
জেগে ওঠে দেশ
কালের অস্তিত্বে
চিরস্থির আকাশের গায়ে

তখনো দেখেছি
স্পন্দিত নদীর দুকুলের
মাটি ক্ষয়ে গেছে
আদি জীবনের
বিনীত নিশ্বাসে

ভাঙনের সেদিনও—নির্জনের সন্ধ্যা
অস্ফুটে দাড়িয়ে
থেকে আমাদের
ডেকে নিয়েছিলো
অমৃতের নীল মাঠে


জানি সন্ধ্যা এসে
দিনের ব্যস্ততা মুছে দিলে
তারপর-কবেকার কুয়াশার দেহে বারবার পুড়েছে চলার পথ শুধু
তোমাকেই চেয়ে;
যমুনার কৃষ্ণ জল সেই
ইতিহাস জানে-রূপকথার এপ্রান্ত থেকে দূর ওপ্রান্ত রক্তের
দুঃসহ আগুনে
নষ্ট আত্মহননের স্রোত
নিভিয়ে দিয়েছে
জীবনের একপাশে রয়ে
গর্ভের আদিম আলোগানে

জন্মের প্রাচীন আলো এসে
আমাকে জাগায়
গভীর ঘুমের
দেশে ছায়াপথ ঘিরে ধরে
উন্মুক্ত চোখের মনি, সেখানে একাকী জেগে থাকে
তোমার আমার উজ্জ্বল মাটির সিক্ত
হিম মুখখানি

গর্ভের আদিম গানে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success