অধিভৌতিক প্রাকৃত জ্যোৎস্নার
রুপালি রাতে দেখেছি তোমাকে
বিগত সন্ধ্যারা বুনে গেছে
আদিবাসী সুর
মনেহয় -
বেদনার স্তম্ভে তুমি ফুটে আছো
অনেক জীবন-ফুল সাথে করে
কোনো এক বহতা নদীর পাশে
এই বঞ্চিতের দেশে
প্রতিশ্রুতিগুলি সহস্র শতাব্দী ধরে মাটিতে ঝরেছে
পলাশ তমাল শালের জীবন
সেইসব মিহি কথা জানে
নিঃসঙ্গের নিস্তব্ধতা এই গ্রামের
রঙিন চৈত্রের নির্জনে নেমে আসে
তোমার নক্ষত্র ধুলোর বিপন্ন মুখ
কম্পিত হৃদয়ে ভেসে ওঠে
তুমি জেগে ওঠো
এই ফাল্গুনের রোদ্দুরে
তোমার কাঁকুড়ে মাটির
ফুলের গন্ধের মতো
এসো, সামনের সারিতে দাড়াও
বন্য ফুলে ফলে
নিজেকে সার্থক করো
এই শূন্যের প্রহরে
বেদনার গাঢ় গান
আমাদের নিয়ে যায়
পশ্চিমের শূন্যে
তুমি এসো ভোরের
অজস্র সূর্যের কিরণে
সন্ধ্যার শেষের হাটে
শোকের দুঃখের গান গেয়ে
নিজেকে বিলিয়ে দিওনা এমন করে
জানি —
পাহাড়ি পাথুরে বুকের গভীরে কাঙ্খিত স্বপ্নেরা এসেছিলো, ব্যাথাহত পৃথিবীর কোনো এক রাত্রির শরীরে
তারা একদিন সকালে তোমাকে
এনেদেবে ভোরের পৃথিবী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
The hilly lass Dazzles the heart of true love Nice