কো Poem by Malay Roy Choudhury

কো

কাউন্টার ডিসকোর্স
সমুদ্রের নোনাডাক লাগাতার বলছিল আমি আর আগের মতো নেই রে
নেই কেননা হাসপাতালে বিছানায় রেলিঙে আমার পা বেঁধে দেবার পর
খাটের দুপাশ দিয়ে আলাদা বয়ে যাচ্ছিল মজুরের নদী কৃষকের নদী
যে-কড়াকড়িতে সারাদিনে সূর্য শুধু একবারই ওঠে আর মিলিয়ে যায়
উদাহরণ দিতে হলে বলতে হয় এ তো ব্যাঙ আর কেউটের শুভদৃষ্টি
যখন বীজের আধভেজা খোসা শেষবার জড়িয়ে ধরেছে অঙ্কুরকে

আমি জানতুম আমি আর আগের মতো নেই রে সব শব্দেরই তালাখোলা শেষ
দিনকাল এমন পড়েছে যে গোলাপের গোড়ায় ঋষির হাড়গুঁড়ো না দিলে ফোটে না
আর কেউ শালা আকাশের এক কোণে পিক ফেলে কেটে পড়েছে
হতে পারে...হতে পারে...কাকতাড়ুয়ার ওপর বসে-থাকা দাঁড়কাকটা

আশ্বিন দুপুরের রোদে কাঁথাস্টিচ-করা পুকুরের জল থেকে
আমি ইয়ার নিজের শেষ ছায়াটুকু চাঁচপোঁছ করে তুলে নিয়েছি

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success