অন্ধের নেতৃত্বে Poem by Soumen Chattopadhyay

অন্ধের নেতৃত্বে

পড়ন্ত বিকেলে অরুনাভ রোদ
শূন্য আকাশে মিলিয়ে গেলে
চির চেনা গোধূলি নেমেছে
শালিনীর বিশীর্ণ দেহের বুকে

রাঙা হলুদের ঢেউ
কেঁপে কেঁপে ওঠে
ঘুমন্ত শিশুর মতো

হৃদয়ের অস্থিরতা প্রাগৈতিহাসিক
বিস্মৃত আলোর দিকে ছুটে

এখানে মায়ের প্রাচীন বেদনা আজো ঝরে

আদিম অবাধ্য ক্ষুধার্ত জঠর গর্জালে
আজও রাষ্ট্র চেপে ধরে গলা

নিষ্ঠুর রাজার রূপকথা
এই অন্ধকার ব্যাথার রাত্রিতে
বিবর্ণ বাতাসে ভাসে

ফসল বিহীন ধু ধু রুক্ষ মাঠের
অস্ফুট শূন্যতা বিস্ময়ে বাজে

মেধাহীন অন্ধ দেশনায়কের নেতৃত্বে
জাতির উদ্দেশে ভাষণ
হাহাকারের গভীর বুক তোলপাড় করে

মাথাহীন নিভন্ত দেহেরা
সারি সারি শুয়ে থাকে পাথরের মতো

দুর্ভিক্ষের ক্ষুধিত মুখের ছায়া
জেগে ওঠে প্রকৃতির গায়ে

তবু প্রেতপুরীর নির্জন রাতে
কবরের মাটি ফুঁড়ে একটি হাতও
বিষন্ন হওয়ার পাঁজরে ছোড়েনা বুলেট
শুধু ক্লান্তিহীন দুচোখের জল
হৃদয়ের শীতার্ত সম্বল

দিন বদলের দিন এখনো আসে না কেন
শালিনীর তীরে হলুদ সন্ধ্যার বুকে

শুধুই অস্ফুট শুন্যতা বিস্ময়ে বাজে
হাহাকারের গভীর বুকে
মেধাহীন অন্ধের নেতৃত্বে

অন্ধের নেতৃত্বে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success