একাকী নিখোঁজ নদীটি জন্মের ভ্রূণ ফেলে গেছে
পাতায় পাতায় হেমন্তের বাগানে পূর্ণিমা রাতে
অতীত মৃত্যু কি এতই শীতল সিথানে পৈথানে
গোপনে কঙ্কাল রেখেছি রাত্রির ধূ ধূ মরুচরে
আমি তৃষ্ণাজীবী রৌদ্রের জঠরে তোমাকে চেয়েছি
বাজুবন্ধে আমার গ্রামের মানবীরা এসেছিল
সেদিন রোপণ করেছিল ঋতুস্মৃতিকাতরতা
অন্ধকারে অনুরাগে চোরাটান প্রিয়মুখ খোঁজে
দহনবেলায় ভেঙে ভেঙে যাই মিছিলের হাওয়া
প্রত্নবুকে চিতাভূমি জ্বলে হিম করোটি কঙ্কালে
উন্মাদিনী তুমি হয়তো আমার প্রথম জননী
হয়তো বা মরুরাখালের তুমি প্রথম প্রেয়সী
স্তব্ধ অধিকারে শুধুই কি বিপরীতে বয়ে যাবো
দক্ষিণের অন্তিম মেঘের ক্লান্ত ছায়ার গভীরে
শেকড়ে শেকড়ে ভাঙা একতারা মৃত্যুগান তোলে
ছিন্ন হিম রাতে একাকী নিখোঁজ নদীটির খোঁজে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem