বারে বারে মনে পড়ে তোমার ঐ মুখ,
স্মৃতির সরণি বেয়ে নেমে আসে রাত।
তুমিহীন এই বুকে হারিয়েছি সুখ,
খুঁজে ফেরে অবিরত চেনা সেই হাত।
খুলেছি মনের দ্বার তুমি নেই ঘরে,
রাঙানো স্বপ্নের দেশ একা লাগে আজ।
উদাস বাতাস এসে হাহাকার করে,
বুকের গভীরে নামে বিরহের বাজ।
চোখের পাতায় আজো ভাসে সেই ছবি,
কানে ভেসে আসে শুধু চেনা সেই সুর।
তোমাকে ভেবেই আমি আজ যেন কবি,
আজ তুমি আছো দূরে, দূর বহুদূর।
অঝোরে ঝরছে অশ্রু, কেঁদে মরে মন,
তুমি কি ফিরবে আর, পাব সেই ক্ষণ?
© দীপঙ্কর সাধুখাঁ
১২ই আগষ্ট, ২০২৬।