মানব-অস্তিত্ব এই মহীরুহ-কায়,
সদাচার-পত্রপুঞ্জে করুণা প্রকাশ;
জ্ঞান-সার নিরবধি চেতনা জাগায়,
স্বভাব-সুছায়া মুছে তিমির আকাশ।
সদ্গুণ-মঞ্জরী ফোটে পুণ্য-মহীতলে,
পরার্থতা-পক্কফল নিখিলের ত্রাণ;
তপ্ত জীব শান্তি পায় ক্ষান্তি-দীপ জ্বলে,
সুশিক্ষা-শিকড়ে জাগে অমৃতের দান।
মহাক্রান্তি প্রলয়ের বুকে শান্ত মন,
সমাজ-কাননে আনে গৌরবের হার;
হিংসার দাবদাহে প্রাণের স্পন্দন,
অম্লান পরশে কাটে সব অন্ধকার।
চারিত্রিক পত্রপুট মহিমার ঢাল,
সে ধন্য মহীরুহ বিজয়ী বিশাল।
© দীপঙ্কর সাধুখাঁ
১লা সেপ্টেম্বর, ২০২৬।